বিজনেসটুডে২৪ প্রতিনিধি, আদিতমারী ( লালমনিরহাট): সারা দেশের ন্যায় লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) সংসদীয় আসনেও উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণ পরিবেশ ও কড়া নিরাপত্তা
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার থাকায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পর্যবেক্ষণ ও ভোটারদের মতামত
আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল।
ভোটারদের একটি বড় অংশের দাবি, তারা তাদের হারানো গৌরব এবং উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
প্রিজাইডিং অফিসারের বক্তব্য
১১৫ নম্বর পশ্চিম চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মশিউর রহমান জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২৫৪১ জন। যার মধ্যে পুরুষ ১৬০৭ এবং নারী ৯৩৪ জন। তিনি বলেন,
“দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি।”










