Home First Lead আন্দামান সাগরে চট্টগ্রামমুখী কন্টেইনার বোঝাই জাহাজ নিমজ্জিত

আন্দামান সাগরে চট্টগ্রামমুখী কন্টেইনার বোঝাই জাহাজ নিমজ্জিত

সংগৃহীত ছবি

রহস্যের ইঙ্গিত বিশেষজ্ঞদের

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আন্দামান সাগরের ফুকেট উপকূলে ২৯৭ টি কনটেইনার নিয়ে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি সিলয়েড আর্ক’ (IMO: 8682036)। তবে অত্যন্ত স্বস্তির খবর হলো, জাহাজটিতে থাকা মাস্টারসহ ১৬ জন বাংলাদেশি নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি বর্তমানে সম্পূর্ণ নিমজ্জিত।

উদ্ধারের পর বাংলাদেশি নাবিকরা। ছবি সংগৃহীত

জাহাজটির স্থানীয় এজেন্টসহ বিভিন্ন সূত্রে জানা যায়, সিঙ্গাপুরভিত্তিক সিলয়েড শিপিং লাইনসের মালিকানাধীন এই জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল। ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফুকেট উপকূল থেকে মাত্র চার নটিক্যাল মাইল দূরে জাহাজটি হঠাৎ ৩০ ডিগ্রি কাত হয়ে যায়। পরিস্থিতি বিপজ্জনক দেখে জাহাজের মাস্টার ক্যাপ্টেন শেখ মুনির আহমেদ দ্রুত ‘অ্যাব্যান্ডন শিপ’ (জাহাজ পরিত্যক্ত) ঘোষণা করেন এবং জরুরি সংকেত পাঠান।

 জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (জেএমআরসিসি) সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, সংকেত পাওয়ার মাত্র ৫০ মিনিটের মধ্যে থাই মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার অত্যন্ত দক্ষতার সাথে ১৬ জন নাবিককেই উদ্ধার করে। উদ্ধারকৃতরা বর্তমানে ফুকেটের একটি হোটেলে নিরাপদ আশ্রয়ে আছেন এবং তারা শারীরিকভাবে সুস্থ আছেন।

রহস্যের ইঙ্গিত ও বিশেষজ্ঞ মতামত:

এদিকে, এই দুর্ঘটনা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন একজন অভিজ্ঞ মাস্টার মেরিনার। ওই সমুদ্রপথে বহুবার বড় জাহাজ চালনার অভিজ্ঞতাসম্পন্ন এই মেরিনার বলেন, “বছরের এই সময়ে আন্দামান সাগর সাধারণত শান্ত থাকে। এমন শান্ত সাগরে একটি আধুনিক পণ্যবাহী জাহাজ কেন এবং কীভাবে হঠাৎ ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে গেল, তা অত্যন্ত সন্দেহজনক।” তার মতে, এটি নিছক যান্ত্রিক ত্রুটি নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা যথাযথ তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। যথাযথ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

বর্তমান অবস্থা : জাহাজটির বাংলাদেশি ম্যানেজমেন্ট ‘নাফ মেরিন সার্ভিসেস’ এবং স্থানীয় এজেন্ট ‘আলভি লাইনস বাংলাদেশ’ জানিয়েছে, জাহাজটি ইতিমধ্যে পুরোপুরি তলিয়ে গেছে। থাই নৌবাহিনী ও বিমা কোম্পানির প্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমুদ্র দূষণ রোধে তেলের আস্তরণ সরানোর কাজ চলছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্রই ১৬ জন নাবিককে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেএমআরসিসি।