Home ইতিহাস ও ঐতিহ্য ইতিহাসের আয়নায় খোলাফায়ে রাশেদিনের সময়ে রমজান

ইতিহাসের আয়নায় খোলাফায়ে রাশেদিনের সময়ে রমজান

ইবাদত ও বিজয়ের এক সোনালী অধ্যায়
মোহাম্মদ কাউসার: খোলাফায়ে রাশেদিনের যুগে পবিত্র রমজান মাস কেবল উপবাসের মাস ছিল না; বরং এটি ছিল ঈমান নবায়ন, ন্যায়বিচার এবং ঐক্যের এক অনন্য মৌসুম। সেই সময়ে রমজানের আধ্যাত্মিক পরিবেশে একদিকে যেমন ব্যক্তিজীবন পরিশুদ্ধ হতো, অন্যদিকে অর্জিত হতো বড় বড় সব বিজয়।
সাদাসিধে জীবন ও গভীর ইবাদত
আবদুল্লাহ হামাদ আল-হুকাইলের ‘ইতিহাসে রমজান’ (Ramadan Through History) গ্রন্থের তথ্যমতে, খোলাফায়ে রাশেদিনের আমলে রমজান ছিল বিলাসিতামুক্ত এবং আত্মশুদ্ধির সময়। সাহাবায়ে কেরামের ঘরগুলো তখন জিকির, জ্ঞানচর্চা এবং কোরআন তিলাওয়াতের কেন্দ্রে পরিণত হতো। ইফতার ও সাহরিতে তাদের খাদ্যতালিকায় থাকত সামান্য খেজুর অথবা যবের রুটি।
নবীজির (সা.) সুন্নাহ অনুসরণ করে তারা কখনোই পেট ভরে খাবার খেতেন না, এমনকি পর্যাপ্ত খাবার থাকলেও তারা স্বল্প আহারকে প্রাধান্য দিতেন।
তারাবিহ নামাজের বিশেষ বিন্যাস
খোলাফায়ে রাশেদিনের আমলেই তারাবিহ নামাজে এক বিশেষ সাংগঠনিক পরিবর্তন আসে। প্রথম খলিফা আবু বকর (রা.) এবং দ্বিতীয় খলিফা ওমর (রা.)-এর শাসনামলের শুরুর দিকে মানুষজন ব্যক্তিগতভাবে বা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারাবিহ পড়তেন। তবে হযরত ওমর (রা.)-এর হাত ধরেই মদিনার মসজিদে নববীতে একজন ইমামের পেছনে সবাইকে সমবেত করে জামাতে তারাবিহ পড়ার স্থায়ী ব্যবস্থা চালু হয়, যা আজও সারা বিশ্বে প্রচলিত। ইবাদতকারীদের সুবিধার্থে সে সময় মসজিদগুলোতে বাতি জ্বালিয়ে আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছিল।
রমজানে অর্জিত মহান বিজয়সমূহ: ইসলামের ইতিহাসে রমজান মাস ছিল বড় বড় বিজয়ের মাস। খোলাফায়ে রাশেদিনের যুগেও এর ব্যতিক্রম ঘটেনি:
আল-বুওয়াইব যুদ্ধ: হিজরি ১৩ সনের রমজান মাসে হযরত ওমর (রা.)-এর খেলাফতকালে এই যুদ্ধ সংঘটিত হয়। আল-মুসান্না ইবনে হারিসার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য বাহিনীকে পরাজিত করে পূর্বের যুদ্ধের গ্লানি মুছে ফেলে।
জেরুজালেম বিজয়: ১৫ হিজরির ১৩ই রমজান হযরত ওমর (রা.) স্বয়ং সিরিয়া সফর করেন এবং রোমানদের পরাজিত করার পর জেরুজালেমের চাবি গ্রহণ করেন। তিনি আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকা পরিষ্কার ও পুনর্গঠনের তদারকি করেন এবং সেখানে প্রথম জামাতে নামাজের ইমামতি করেন, যা ফিলিস্তিনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
এককথায়, খোলাফায়ে রাশেদিনের আমলে রমজান ছিল ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামের শক্তি ও সৌন্দর্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার এক মহান সময়।

আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ কনটেনট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।