Home তথ্য প্রযুক্তি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি

মোহাম্মদ ছরওয়ার আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আপত্তিকর পোস্ট ও ডিভাইস হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে হ্যাক করা হয়: বঙ্গভবনের ইমেইল থেকে ‘ফিশিং’

 মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তিবিদ মাহমুদুল আলম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, এটি মূলত অ্যাকাউন্ট হ্যাক ছিল না, বরং আমিরের ব্যবহৃত একটি ‘ডিভাইস’ হ্যাক করা হয়েছিল।

তদন্তে দেখা যায়, গত ১০ জানুয়ারি বঙ্গভবনের সরকারি ইমেইল ঠিকানা (assistantprogrammer@bangabhaban.gov.bd) থেকে জামায়াত আমিরের ইমেইলে ‘নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য’ শিরোনামে একটি মেইল পাঠানো হয়। সরকারি মেইল হওয়ায় আমিরের একটি ডিভাইস থেকে সেই মেইলের অ্যাটাচমেন্ট খোলা হয়। মূলত সেটি ছিল একটি ‘ফিশিং অ্যাটাচমেন্ট’, যার মাধ্যমে হ্যাকাররা ওই ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একই ইমেইল থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদেরও ফিশিং মেইল পাঠানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে হ্যাকাররা আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। ওই সময় ডা. শফিকুর রহমান কেরানীগঞ্জের কোনাখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন, যার লাইভ ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে।

বিকেল ৪টা ৫৩ মিনিটে বিষয়টি জামায়াতের আইটি টিমের নজরে আসে। এরপর ৫টা ৯ মিনিটে ডিভাইসের সেশন সমাপ্ত করে এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এবং ৫টা ২২ মিনিটে হ্যাকিংয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দেখা গেছে, হ্যাকার পোস্ট দেওয়ার ঠিক এক মিনিট পরেই সেটির স্ক্রিনশট নিয়ে রেখেছিল, যা রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়।

ন্যায়বিচার প্রত্যাশা

সংশ্লিষ্ট ব্যক্তি আটক হওয়ার পর ডা. শফিকুর রহমান ফেসবুকে এক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।”

ডিবি জানিয়েছে, আটক ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হ্যাকিংয়ের পেছনের উদ্দেশ্য ও কোনো মাস্টারমাইন্ড আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।