Home আইন-আদালত পদ হারানোর পর এবার গ্রেপ্তার সেই বিএনপি নেতা

পদ হারানোর পর এবার গ্রেপ্তার সেই বিএনপি নেতা

জাহিদুল আলম জাহাঙ্গীর
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কিশোরগঞ্জ: সরকারি গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযোগ উঠেছে, জাহিদুল আলম জাহাঙ্গীর তার নিজের বাড়িতে যাতায়াতের পথ সুগম করার উদ্দেশ্যে উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত একটি বেড়িবাঁধের ওপর রোপণ করা ২০টি মেহগনি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে দেন। সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত স্বার্থে বিনষ্ট করার বিষয়টি স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় গত মঙ্গলবার মিঠামইন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল।
দলীয় শাস্তিমূলক ব্যবস্থা
শুধু আইনি জটিলতা নয়, নিজ দলেও পদ হারিয়েছেন এই নেতা। দলীয় তদন্তে গাছ চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

businesstoday24.com-কে ফলো করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানান।