Home আন্তর্জাতিক চীনের ‘জিরো-ওয়েস্ট’ মডেল: তিন শহরের অভাবনীয় সাফল্য

চীনের ‘জিরো-ওয়েস্ট’ মডেল: তিন শহরের অভাবনীয় সাফল্য

ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের ‘জিরো-ওয়েস্ট সিটি’ বা বর্জ্যহীন শহর গড়ার উদ্যোগ এখন টেকসই নগর উন্নয়নের এক বৈশ্বিক মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি জাতিসংঘের ‘২০ সিটিজ টুওয়ার্ডস জিরো ওয়েস্ট’ প্রকল্পের প্রথম তালিকায় চীনের তিনটি শহর—হাংজু, সানিয়া এবং সুঝৌ স্থান করে নিয়েছে।
প্রতিটি শহরই তাদের নিজস্ব ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনায় ভিন্নধর্মী ও কার্যকর উদাহরণ সৃষ্টি করেছে।
হাংজু: প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা
হাংজু শহরটি মূলত ডিজিটাল শাসনের মাধ্যমে বর্জ্য সমস্যার সমাধান করছে। এখানকার বাসিন্দারা কিউআর কোড স্ক্যান করে স্মার্ট রিসাইক্লিং স্টেশন ব্যবহার করেন। সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণের বিনিময়ে তাদের ‘কার্বন ক্রেডিট’ বা পয়েন্ট দেওয়া হয়, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা সম্ভব।
শহরের ডিজিটাল প্ল্যাটফর্মটি প্রতিটি পরিবারের বর্জ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ পর্যন্ত রিয়েল-টাইম পর্যবেক্ষণ করে। ২০২৫ সালে শহরটি ২৪.৬ লক্ষ টন বর্জ্য রিসাইকেল করতে সক্ষম হয়েছে।
সানিয়া: পর্যটন ও প্লাস্টিকমুক্ত সমুদ্র সৈকত
পর্যটন নগরী সানিয়া তাদের সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে রোবোটিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। প্রতিটি রোবট প্রতি ঘণ্টায় ৩,০০০ বর্গমিটার এলাকা পরিষ্কার করতে সক্ষম। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। যেমন উঝিঝৌ দ্বীপে রান্নাঘরের বর্জ্য থেকে শুরু করে বাগানের বর্জ্য পর্যন্ত স্থানীয়ভাবে কম্পোস্ট করা হয়, যা মূল ভূখণ্ডে বর্জ্য পরিবহনের চাপ কমিয়েছে। বছরে শহরটি প্রায় ৮,০০০ টন প্লাস্টিকের ব্যবহার কমাতে পেরেছে।
সুঝৌ: শিল্প বর্জ্য যখন সম্পদ
বিশাল শিল্পাঞ্চল সমৃদ্ধ সুঝৌ শহরটি শিল্প বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করার অনন্য এক ইকোসিস্টেম তৈরি করেছে। এখানে ‘সার্কুলার ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর মাধ্যমে স্লাজ বা বর্জ্য কাদা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেই তাপ থেকে উৎপন্ন বাষ্প আবারও কারখানায় ব্যবহৃত হয়।
আবার পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করে শহরের গ্যাস নেটওয়ার্কে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সুঝৌতে শিল্প বর্জ্য পুনঃব্যবহারের হার ৯৮.১ শতাংশে পৌঁছেছে।
চীনের এই শহরগুলো প্রমাণ করেছে যে, আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনার সমন্বয়ে একটি ঘনবসতিপূর্ণ শহরকেও পরিবেশবান্ধব ও বর্জ্যহীন হিসেবে গড়ে তোলা সম্ভব।
businesstoday24.com ফলো করুন