Home First Lead সংসদের দক্ষিণ প্লাজায় আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

সংসদের দক্ষিণ প্লাজায় আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’।

গণঅভ্যুত্থানের সকল পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’কে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই ব্যাপক আলোচনা ও জল্পনা চলছে। নানা মহল থেকে ধারণা করা হচ্ছে, এতে অন্তর্ভুক্ত থাকবে একটি অন্তর্বর্তী জাতীয় রূপরেখা, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব, ও চলমান সংকট নিরসনে নাগরিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে সব গণঅভ্যুত্থানপন্থী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক মঞ্চ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ঘোষণাপত্র পাঠের পরপরই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত হবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সর্বশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেল-এর গান। অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

‘৩৬ জুলাই’ উদযাপনে যা থাকছে

আজ ৫ আগস্ট (৩৬ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হচ্ছে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ‘বিজয় মিছিল’ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সম্মিলিত হবে। এদিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে—সকাল ১১টায় ‘টং’ এর গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, সাড়ে ১২টায় তাশফির সংগীত পরিবেশন করবেন। দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড।

এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে। ‘পলায়ন ক্ষণ’ উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ। এরপর আসরের নামাজের বিরতি। বিরতির পর বিকাল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান ‘কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা…’ গাওয়া হবে।

জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা। মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফরম্যান্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা। ড্রোন শো-এর পর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উত্সবমুখর নানা আয়োজন। এছাড়া এদিন ‘নোটস অন জুলাই’ জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে, যা জনসমাগমের মধ্যে ভলান্টিয়াররা নিয়ে ঘুরবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ড নিয়ে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন।