Home জাতীয় ‘ভোট গণনায় বিলম্বের অজুহাত নতুন ষড়যন্ত্র’: তারেক রহমান

‘ভোট গণনায় বিলম্বের অজুহাত নতুন ষড়যন্ত্র’: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: দীর্ঘ ২২ বছর পর শিল্পনগরী খুলনায় পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সমসাময়িক রাজনীতি, নারী অধিকার এবং বিরোধী শিবিরের ‘ষড়যন্ত্র’ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
জনসমুদ্র খুলনার খালিশপুর প্রভাতী স্কুল ময়দান
জনসভায় তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল আইডি হ্যাক হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বিষয়টিকে ‘মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে বলেন, “আমরা দেখছি একটি রাজনৈতিক দল আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলছে। তারা ধর্মকে ব্যবহার করে কেবল নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়।”
নারী অধিকার ও ধর্মীয় অপব্যাখ্যার প্রতিবাদ
একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নারীবিদ্বেষী মনোভাবের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, “একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামি শাসন কায়েম করতে চায়, অথচ নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়।”
রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী থেকে উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী। অথচ এই চক্রটি নারীদের পিছিয়ে রেখে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
ভোট গণনা ও নতুন ষড়যন্ত্রের আভাস
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, একটি মহল প্রচার করছে যে ভোট গণনায় অনেক সময় লাগবে। এটি একটি নতুন ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেন।
জনসমুদ্রে রূপ নিল প্রভাতী স্কুল মাঠ
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই খুলনা ও আশেপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীদের ঢল নামে। বেলা ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ১২টায় তিনি সভাস্থলে পৌঁছান। এই জনসভায় বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকদের দাবি, প্রায় ৫ লাখ মানুষের উপস্থিতিতে এটি ওই অঞ্চলের বৃহত্তম নির্বাচনী সমাবেশে পরিণত হয়েছে।
পরবর্তী গন্তব্য যশোর
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছান তারেক রহমান। সেখানে যশোর ক্রীড়া উদ্যান (বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ) সংলগ্ন এলাকায় আয়োজিত অপর একটি জনসভায় তিনি অংশ নেন। এটি যশোরে তার প্রথম সরাসরি কোনো জনসভা।