Home First Lead নতুন যাত্রায় বাংলাদেশ: আজ তারেক রহমানের অভিষেক

নতুন যাত্রায় বাংলাদেশ: আজ তারেক রহমানের অভিষেক

তারেক রহমান

 শপথ নিচ্ছেন নতুন এমপি ও মন্ত্রীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে এক নতুন অধ্যায়ে পদার্পণ করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে ত্রয়োদশ জাতীয় সংসদ এবং বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের নবযাত্রা শুরু হবে।
শপথের সময়সূচি ও প্রক্রিয়া
আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যদের শপথের পর পর্যায়ক্রমে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরাও শপথ নেবেন।
শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভায় সরকারি দলের নেতা নির্বাচন করা হবে। নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থার বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করার পর তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন।
দক্ষিণ প্লাজায় রাজকীয় আয়োজন
বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। ৫ই আগস্টের পর ক্ষতিগ্রস্ত সংসদ ভবনকে ধোয়া-মোছা ও আলোকসজ্জার মাধ্যমে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানটি সাধারণ মানুষের দেখার জন্য বাইরে লাইভ স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রিসভার আকার ও গঠন
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৩০ সদস্যের। এতে থাকছে নবীন ও প্রবীণের সমন্বয়।
তরুণদের গুরুত্ব: দক্ষ ও তরুণ নেতাদের এবার মন্ত্রিসভায় বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
শরিক দল ও টেকনোক্রেট: জোটে থাকা শরিক দলের একাধিক নেতা এবং বিশেষজ্ঞ হিসেবে কয়েকজন ‘টেকনোক্রেট’ সদস্যও স্থান পেতে পারেন।
প্রস্তুতি: নতুন সরকারের জন্য ৫০টি গাড়ি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে।
বিদেশি অতিথিদের উপস্থিতি
নতুন সরকারের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন শতাধিক বিদেশি অতিথি। মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভা স্পিকার এবং পাকিস্তান, নেপাল, তুরস্ক ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তারা এই শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
নির্বাচনের প্রেক্ষাপট
গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারেক রহমান ইতিমধ্যে তার ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’-এর আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন নির্বাচিত সরকার।

নিমিত্ত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।