কথা বলছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:
সারা দেশে চাঁদাবাজির সিন্ডিকেট নির্মূলে কঠোর অবস্থানে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি বর্তমানে দেশজুড়ে চাঁদাবাজদের একটি সম্পূর্ণ নিরপেক্ষ বা ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু করেছে। এই তালিকা প্রণয়ন শেষ হওয়ামাত্রই অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার পর র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বাড়ানো হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তালিকায় কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়েছে যে, অপরাধীর পরিচয় শুধুই ‘অপরাধী’। তালিকায় যদি কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও আসে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
মূলত পরিবহন খাত, বাজার ঘাট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছে, তা সমূলে উৎপাটন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও র্যাব জানিয়েছে, তালিকা সম্পন্ন করার প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এমনকি যেকোনো সময় মাঠ পর্যায়ে অ্যাকশন শুরু হতে পারে। ছোট-বড় সব স্তরের চাঁদাবাজকেই এই আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
businesstoday24.com ফলো করুন এবং এই উদ্যোগ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।