বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পঞ্চগড়: দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মমতার অপর এক মেয়ে গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন— দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) এবং তার সাত বছর বয়সী কন্যা মুনতাহা। এই দুর্ঘটনায় মমতার আরেক যমজ মেয়ে মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক মমতার ভাগনে মনিরুল ইসলাম আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মমতা বেগম তার যমজ দুই মেয়েকে নিয়ে উপজেলার সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার ভাগনে মনিরুল। পথিমধ্যে নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী ‘নাদের পরিবহনের’ একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মমতা ও তার মেয়ে মুনতাহাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও চালক মনিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সোনাহার বাজার এলাকায় স্থানীয় জনতা বাসটিকে আটকে পুলিশের কাছে সোপর্দ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান জানান, ঘাতক বাস ও চালককে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
businesstoday24.com-এর সাথে থাকতে আমাদের ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।