চট্টগ্রাম: বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। হাসপাতালটি বর্তমানে ১০ শয্যার। মঙ্গলবার অনুষ্ঠিত বিজিএমইএ’র হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় এই উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছে। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান রায়হান শামস।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি ও কমিটির ডাইরেক্টর ইনচার্জ মোহাম্মদ রফিক চৌধুরী। তিনি বলেন, “দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং শ্রমিক কল্যাণে বিজিএমইএ নিরলসভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে বিজিএমইএ হাসপাতাল, যা গার্মেন্টস শ্রমিক এবং তাদের পরিবারের জন্য সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। শ্রমিকদের সুস্বাস্থ্য শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চাবিকাঠি। এ কারণে হাসপাতালকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, “সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে মাথায় রেখে এবং বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী আমরা হাসপাতালকে ১০ শয্যা থেকে ৫০ শয্যায় সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি। এতে শ্রমিক সংখ্যা অনুযায়ী ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা প্রদান আরও ত্বরান্বিত হবে।”
কমিটির চেয়ারম্যান রায়হান শামস বলেন, “শ্রমিকরা সুস্থ থাকলেই গার্মেন্টস শিল্প এগিয়ে যাবে। তাদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিজিএমইএ হাসপাতাল সবসময় পাশে থাকবে। হাসপাতাল বর্তমানে আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক, জরুরি বিভাগ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, বিশেষায়িত চিকিৎসা এবং প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা প্রদান করছে। শ্রমিকরা যাতে দ্রুত এবং সহজে চিকিৎসা পেতে পারেন, এজন্য ২৪ ঘণ্টা সেবা চালু রয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক সাকিফ আহমেদ সালাম, রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন পরিচালক ও কমিটির কো-চেয়ারম্যান ফরহাত আব্বাস, প্রাক্তন পরিচালক মোহাম্মদ আতিক, কো-চেয়ারম্যান চৌধুরী নাঈম রহমান, সদস্য ফয়জুল মতিন, বিজয় শেখর দাশ, মোঃ তসলিম আরিফসহ বিজিএমইএ’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি










