Home নির্বাচন নাতির কোলে চড়ে কেন্দ্রে ৯০ বছরের দাদা: ঈশ্বরদীতে ভোটের উৎসবে প্রাণের স্পন্দন

নাতির কোলে চড়ে কেন্দ্রে ৯০ বছরের দাদা: ঈশ্বরদীতে ভোটের উৎসবে প্রাণের স্পন্দন

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঈশ্বরদীঃ বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, ঠিকমতো পা ফেলার শক্তিটুকুও নেই। কিন্তু গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে শারীরিক অক্ষমতা। দীর্ঘ নয় বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নাতির কোলে চড়ে কেন্দ্রে হাজির হয়েছেন ৯০ বছর বয়সী বৃদ্ধ গ্যাদা খন্দকার।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে ঈশ্বরদীর আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এই আবেগঘন দৃশ্য।
ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শতায়ুপ্রায় বৃদ্ধ
আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা গ্যাদা খন্দকার যখন নাতি ফিরোজ আলীর কোলে চড়ে কেন্দ্রের বুথে ঢুকছিলেন, তখন সবার নজর ছিল তার দিকে। ভোট দেওয়া শেষে তার চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি বলেন, “নয় বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি, কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।” দীর্ঘ বিরতির পর স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
নাতির পরম মমতা
দাদাকে কোলে করে নিয়ে আসা নাতি ফিরোজ আলী জানান, দাদার প্রবল আগ্রহের কারণেই তিনি তাকে নিয়ে এসেছেন। ফিরোজ বলেন, “ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকাল সকাল দাদাকে নিয়ে এসেছি।” পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের এমন গণতান্ত্রিক সচেতনতা কেন্দ্রের অন্যান্য তরুণ ভোটারদের জন্যও ছিল এক অনুপ্রেরণা।
শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্যাদা খন্দকার। তিনি আশা প্রকাশ করেন, দিনভর এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের রায় দিতে পারবে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইমান আলী জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। তিনি বলেন, “সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন আরও দীর্ঘ হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।”
পাবনা-৪ আসনের এই উপ-নির্বাচনে ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। গ্যাদা খন্দকারের মতো প্রবীণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ মানুষের কাছে ভোটের আমেজ এখনো অমলিন।

আমাদের নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।