বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: মহান মুক্তিযুদ্ধের অনন্য কৃতি সন্তান, বীর বিক্রম ইউ কে চিং-এর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে পাড়ার নামকরণের জোরালো দাবি জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক এই দাবি উত্থাপন করেন।
বীরত্বের স্বীকৃতি চান পাহাড়ের মানুষ: ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের যে বীরত্বগাঁথা রয়েছে, তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইউ কে চিং। দেশের জন্য তাঁর অসীম সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান: সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ইউ কে চিং-এর নামে কোনো একটি পাড়ার নামকরণ করা হলে তা কেবল তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হবে না, বরং এই অঞ্চলের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: সিএইচটি সম্প্রীতি জোটের নেতারা জানান, পাহাড়ের বীর সন্তানদের মর্যাদা রক্ষা করা সাধারণ মানুষের প্রাণের দাবি। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে এই দাবি দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানিয়েছেন তারা।