Home নির্বাচন বিদ্রোহের মাসুল: সরাইলে আস্ত বিএনপি কমিটিই ‘ভ্যানিশ’!

বিদ্রোহের মাসুল: সরাইলে আস্ত বিএনপি কমিটিই ‘ভ্যানিশ’!

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের লড়াই জমে ওঠার আগেই বড় ধরনের সাংগঠনিক ধসের মুখে পড়েছে সরাইল উপজেলা বিএনপি। দলীয় প্রার্থীর নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে ‘গোপন পিরিতি’ ও প্রকাশ্য প্রচারণার অভিযোগে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পুরো কমিটিই স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
ঘটনার নেপথ্যে যা ঘটেছে
স্থানীয় ও দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ গরম হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা দলীয় জোটের প্রার্থীর ছায়া মাড়াননি। উল্টো তারা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে আদাজল খেয়ে মাঠে নামেন।
এই ‘বিদ্রোহী’ মনোভাবের কারণেই মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় এবার পুরো কমিটিকেই কোপানো হলো।
নেতৃত্বের বক্তব্য
জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন:

“শাহজাদাপুর ইউনিয়ন কমিটির সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দল কাউকে ছাড় দেবে না। সবাইকে সতর্ক করতেই পুরো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

তবে তিনি একটি ‘জানালার’ সুযোগ খোলা রেখেছেন। তিনি জানান, যদি সংশ্লিষ্ট নেতারা ভুল স্বীকার করে পুনরায় দলীয় শৃঙ্খলায় ফিরে আসেন, তবেই কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।