Home রেমিটেন্স যোদ্ধাদের খবর নিভে গেল চরভদ্রাসনের এক রেমিট্যান্স যোদ্ধার স্বপ্ন

নিভে গেল চরভদ্রাসনের এক রেমিট্যান্স যোদ্ধার স্বপ্ন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী দীপালী নিহত:

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর: মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দীপালী আক্তার (৩৪) নামে এক বাংলাদেশি নারী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। গত ৮ এপ্রিল সন্ধ্যায় বৈরুতে কফিলের (নিয়োগকর্তা) বাড়িতে অবস্থানকালে ভয়াবহ এই হামলার শিকার হন তিনি।
কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত দীপালী আক্তার ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র দুই বছর আগে ২০২৪ সালে গৃহকর্মীর কাজ নিয়ে লেবাননে পাড়ি জমিয়েছিলেন এই লড়াকু নারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীপালী বৈরুতে যে বাড়িতে কাজ করতেন, গত ৮ এপ্রিল সন্ধ্যায় সেই বাড়িটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই দিপালীর কফিলের পরিবারের ছয় সদস্য নিহত হন। গুরুতর আহত অবস্থায় দীপালীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীপালীর ছোট বোন লাইজু বেগম শোকাতুর কণ্ঠে জানান, বৈরুতে অবস্থানরত অন্য বাংলাদেশিদের মাধ্যমে তারা দিপলীর মৃত্যুর খবর পান। বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদরের মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। তিনি বলেন, “স্থানীয়ভাবে আমরা বিষয়টি জেনেছি। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
লেবাননে চলমান অস্থিরতার মধ্যে এই বাংলাদেশি নারীর অকাল মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রিয়জনের শেষ মুখটি দেখার অপেক্ষায় দিন গুনছে দিপালীর শোকসন্তপ্ত পরিবার।

আরও নানা বিষয় জানতে ভিজিট করুন: www.businesstoday24.com