আইসিইউ ভেন্টিলেটরের অভাবে গত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে গত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা ও তথ্য গোপনের অভিযোগে হাসপাতালের পরিচালককে কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, “তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”
আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসকদের নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গণমাধ্যমে শিশুদের মৃত্যুর খবর আসার পর তিনি হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে পরিচালক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একে ‘মিডিয়ার বাড়াবাড়ি’ বলে অভিহিত করেন। কিন্তু তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন:
“পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। সরকারি প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় আমি ব্যক্তিগত উদ্যোগে ওষুধ প্রস্তুতকারকদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর পাঠাচ্ছি। আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।”










