Home নির্বাচন দিনাজপুরে হাসনাত আবদুল্লাহ: ‘চাঁদাবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ

দিনাজপুরে হাসনাত আবদুল্লাহ: ‘চাঁদাবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ

বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ

 পরিবর্তনের সময় এসেছে’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এক পক্ষ ভারতীয় গোলামি করার অপেক্ষায় আছে, অন্যদিকে সাধারণ মানুষ স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত।
সোমবার দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজি ও ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা
হাসনাত আবদুল্লাহ স্থানীয় আইনশৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির চিত্র তুলে ধরে বলেন, “এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে ১০০ টাকা দিতে হতো, এখন দিতে হয় ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে ঘরে বসে আছেন।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি পরামর্শ দেন, “ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে জনগণকে বরং ‘অ্যান্টি-চাঁদাবাজি কার্ড’ দিন।” তিনি আরও যোগ করেন, এক পক্ষ শহীদ হাদীকে নিয়ে উপহাস করলেও সারাদেশের মানুষ এখন হাদীর মতোই সাহসী হতে চাইছে।
আঞ্চলিক বঞ্চনা ও মাদক সমস্যা
দিনাজপুরের প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে এনসিপি নেতা বলেন, এ অঞ্চলে পাথর ও কয়লা খনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থাকলেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন বা কর্মসংস্থান হয়নি। উল্টো বিগত সরকারের লুটেরারা সম্পদ পাচার করেছে। যুবসমাজের অবক্ষয় নিয়ে তিনি বলেন, রাজনীতিবিদরা বছরের পর বছর সাধারণ ঘরের সন্তানদের মাদকের পথে ঠেলে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে।
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদ’
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। দিল্লির সবুজ সংকেতে ফ্যাসিস্টরা পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা করছে। যারা বিকল্প উপায়ে ক্ষমতায় আসার পায়তারা করছে, তাদেরও হাসিনার মতো দিল্লি পাঠিয়ে দেয়া হবে।”
তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি দলের পক্ষ থেকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়ার ভয় দেখানো হচ্ছে। দেশের মানুষ এমন অপশক্তিকে লাল কার্ড দেখাতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন।
১১ দলীয় জোটের প্রতিশ্রুতি
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনের জোট সমর্থিত প্রার্থী ডা. আব্দুল আহাদ। তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর উন্নয়নে তার নির্বাচনী ইশতেহার ও সুশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মো. আনোয়ার হোসেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।