বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফার আলোচনার অংশ হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাসের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, গত ২৯ জুলাই অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।
বাণিজ্য সচিব বলেন, “আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে—তবে কতটা হবে, তা চূড়ান্ত হয়নি। আলোচনার দ্বিতীয় ও তৃতীয় দিনেও বৈঠক রয়েছে। আমরা আশাবাদী, বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসবে।”
প্রথম দিনের বৈঠকটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) অনুষ্ঠিত হয়। আলোচনা শেষ হবে ৩১ জুলাই, বৃহস্পতিবার।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আওতায় ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ পালটা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে গড়ে ২২ থেকে ২৩ শতাংশ শুল্ক আরোপ রয়েছে, যেখানে আগে ছিল গড়ে সাড়ে ১৫ শতাংশ।
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে পালটা শুল্ক কমাতে চাপ দিয়ে যাচ্ছে।










