বিজনেসটুডে প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্য। এসব আসনে পুনরায় ভোট গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে উপস্থিত হয়েছেন জোটের শীর্ষ নেতারা।
বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান তারা। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
জালিয়াতি ও ‘বিদ্যুৎগতিতে’ ফল প্রকাশের অভিযোগ
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নজিরবিহীন অনিয়ম হয়েছে। তিনি বলেন, “আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজা করা হয়েছে। কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব করা হলেও, রহস্যজনকভাবে অনেক কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও জানান, যেসব আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সুনির্দিষ্ট অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনরায় ভোট গণনার আনুষ্ঠানিক আবেদন জানানো হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
‘পুনঃগণনা হলে বদলে যাবে ফলাফল’
জোটের অন্যতম নেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল দাবি করেন, “অভিযোগ ওঠা ৩০টি আসনে যদি স্বচ্ছভাবে পুনঃগণনা করা হয়, তবে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে। বর্তমানে যাদের পরাজিত দেখানো হচ্ছে, তাদের অনেকেই বিপুল ভোটে বিজয়ী হবেন।”
ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান সুনির্দিষ্ট কিছু অসংগতির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন:
ফলাফল শিটে এজেন্টের নামের গরমিল ও এনআইডি নম্বর অনুপস্থিতি।
মূল কপির পরিবর্তে ফটোকপি শিট ব্যবহার এবং পেন্সিলে ফলাফল লেখা।
অনেক ক্ষেত্রে কলম দিয়ে কেন্দ্রের নাম লিখে ঘষামাজা করা হয়েছে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা। পুনঃগণনার দাবির পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতা ও হামলা বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।