বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি): রামগড়ে টানা ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার (১২ জুলাই) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সশরীরে উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন, তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সংকট মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে রামগড় পৌরসভার নদীরপাড়, গর্জনতলী, বল্টুরামটিলা ও বৈদ্যটিলাসহ বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপন্ন এই মানুষের কষ্ট লাঘবে বিজিবি সদস্যরা শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুর্গত এলাকায় বিজিবির এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগ অসহায় মানুষের মাঝে নতুন করে সাহস ও আশার আলো সঞ্চার করেছে।
বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট মোমবাতি, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু এবং ২টি করে ম্যাচ বক্স বিতরণ করা হয়।
রামগড় ৪৩ বিজিবি সূত্র জানিয়েছে, শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যা কবলিত এলাকায় পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখা ও সামগ্রিক বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে যাতায়াতে সহায়তা প্রদানসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিজিবির বিশেষ টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।