Home First Lead রক্তস্নাত একুশে ফেব্রুয়ারি: বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি

রক্তস্নাত একুশে ফেব্রুয়ারি: বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি

প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শহীদ মিনারে তারেক রহমান, প্রথমবার শ্রদ্ধা জানালেন জামায়াত আমীরও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, শফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অনেক বীর সন্তান।
প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম শ্রদ্ধা নিবেদন। এরপর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন |সংগৃহীত
জামায়াত আমীরের প্রথম শ্রদ্ধা ও প্রভাতফেরি
এ বছর প্রথমবারের মতো রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় ঐতিহাসিক প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে গানে নগ্নপদে হাজারো মানুষ ফুল হাতে শহীদ মিনার অভিমুখে যাত্রা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানও তার সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলপনায় সেজেছে মিনার প্রাঙ্গণ
প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তুলির আঁচড়ে বর্ণিল আলপনায় সেজেছে শহীদ মিনার। চারপাশের দেয়ালে স্থান পেয়েছে ৫২ থেকে ৭১-এর গৌরবগাথা ও কবি-সাহিত্যিকদের অমর উক্তি।
নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নির্দেশনা
দিবসটি ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।
প্রবেশ পথ: পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে।
প্রস্থান পথ: শ্রদ্ধা শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হতে হবে।
আজ সরকারি ছুটির দিন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন