অফিসের মিটিং চলাকালীন মহিলা সহকর্মীর শরীরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা অস্বস্তিকর বা অনৈতিক হতে পারে, কিন্তু তা সবসময় আইনিভাবে অপরাধের আওতায় পড়ে না। একটি সাম্প্রতিক ও সংবেদনশীল মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষন দিয়েছে বম্বে হাই কোর্ট।
আদালত স্পষ্ট জানিয়েছে, অফিসের প্রকাশ্য পরিবেশে কারও দিকে তাকিয়ে থাকাকে ‘গোপন নজরদারি’ বা ‘উঁকিঝুঁকি’ (Voyeurism) হিসেবে গণ্য করা যাবে না।
ঘটনাটি একটি বেসরকারি বিমা সংস্থার। সেখানে এক নারী কর্মী অভিযোগ তোলেন যে, মিটিং চলাকালীন এক সহকর্মী তাঁর চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে অশালীনভাবে তাকিয়ে থাকেন। এমনকি ওই সহকর্মী কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়।
মামলাটি উচ্চ আদালতে পৌঁছানোর আগে সংস্থার অভ্যন্তরীণ তদন্ত কমিটি ওই অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করেছিল। এবার বম্বে হাই কোর্টও সেই একই পথে হেঁটে মহিলার করা মামলাটি খারিজ করে দিয়েছে।
আদালতের মতে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যে ধরণের গোপন নজরদারির কথা বলা হয়েছে, কর্মক্ষেত্রের এই ঘটনাটি সেই সংজ্ঞার মধ্যে পড়ে না। যদিও এই রায় নিয়ে সমাজিক মাধ্যমে ও আইনি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকের মতে, এই রায় কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, আবার কেউ কেউ আইনি সংজ্ঞার চুলচেরা বিশ্লেষণের প্রশংসা করছেন।
নতুন সব খবরের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।