বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সব ধরণের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সাথে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা:
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক জরুরি চিঠির মাধ্যমে দেশের সকল সম্প্রচার মাধ্যমকে আইপিএল প্রদর্শন বন্ধের নির্দেশ দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। জনমতের প্রতিফলন ঘটিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি:
আইপিএলে মোস্তাফিজের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ ধরে গতকাল রোববার জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এবং সরকারি পরামর্শে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে জানানো হয়েছে যে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলের জন্য ভারত সফর নিরাপদ নয়। একই সাথে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
নেপথ্য কারণ:
উল্লেখ্য যে, গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মৌখিক নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। গত কয়েক মৌসুম ধরে আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও হঠাত এমন সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় দলের সেরা তারকাকে এভাবে অবজ্ঞা করার প্রতিবাদে বাংলাদেশ সরকারের এই কঠোর অবস্থান দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে।