স্পেনের আকাশসীমা মার্কিন সামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলো এখন থেকে আর স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না।দেশটি এর আগে তাদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, এবার আকাশপথও বন্ধ করে দিয়ে সেই অবস্থান আরও কঠোর করল।
আজ সোমবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস বলেন, “ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না।”
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস (El Pais) জানিয়েছে, আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন নেটো সদস্য দেশ স্পেনকে এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
স্পেন সরকারের এই পদক্ষেপের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির সম্পর্কের আরও অবনতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য যুদ্ধে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, “এই সিদ্ধান্তটি স্পেন সরকারের আগে নেওয়া সেই সিদ্ধান্তের অংশ যেখানে বলা হয়েছিল, একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধে স্পেন অংশ নেবে না বা সহযোগিতা করবে না।”
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ শুরু থেকেই ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে আসছেন। তিনি এই হামলাকে ‘বেপরোয়া এবং অবৈধ’ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট যদি ইরানে স্থল অভিযানের নির্দেশ দেন, তবে তারা মার্কিন সৈন্যদের ‘জ্বালিয়ে দেবে’। পেন্টাগন সম্প্রতি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর উপকূলীয় এলাকায় অভিযানের পরিকল্পনা করার পর ইরানের পক্ষ থেকে এই হুমকি এলো।