বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বিএনপিই একমাত্র সঠিক বিকল্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি বিশেষ দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবে এবং দেশকে আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে।
বুধবার রাতে ফেনীর দাগনভুঞার দুলামিঞা কটন মিলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইতিহাস বিকৃতি ও সংঘাতের আশঙ্কা
জামায়াতকে ইঙ্গিত করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন মেজর জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্য একজনকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর অপচেষ্টা চলছে। ঢাকা-১৭ আসনে তাদের প্রার্থীর সেনাবাহিনীর প্রতি আচরণই প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে দেশে মারামারি ও হানাহানি ছড়িয়ে পড়বে। আমরা আফগানিস্তানের মতো পরিস্থিতি চাই না; আমরা চাই শান্তি ও সমৃদ্ধি।”
ঐক্যের ডাক ও রাজনৈতিক দর্শন
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আজ আমাদের সামনে দুটি পথ—হয় সংঘাত, না হয় ঐক্যবদ্ধ সমাজ। সমাজের একটি বড় অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন অসম্ভব।” নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলেও তার পরিবার সবসময় দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।
তিনি আরও যোগ করেন, “উন্নয়নের ক্ষেত্রে অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করলে ভবিষ্যৎ থমকে যায়। তাই অতীতের ভেদাভেদ ভুলে আমাদের সামনের দিকে তাকাতে হবে।”
ভোটারদের প্রতি আহ্বান
বক্তব্যের শেষে আবেগঘন কণ্ঠে মিন্টু ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে বাকি জীবন আপনাদের সেবায় উৎসর্গ করব। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, সবসময় আপনাদের বন্ধু ও সাথী হিসেবে পাশে পাবেন।”
মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন আবদুল আউয়াল মিন্টু দাগনভুঞার বিভিন্ন পেশাজীবী ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।