Home নির্বাচন রামগড়ে ইনসানিয়াত বিপ্লব প্রার্থীর গণসংযোগ ও পথসভা

রামগড়ে ইনসানিয়াত বিপ্লব প্রার্থীর গণসংযোগ ও পথসভা

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নূর ইসলাম শামীম রামগড়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি রামগড় বাজার, মাস্টারপাড়া বাজার, সোনাইপুল বাজার, কালাডেবা বাজারসহ ২ নং পাতাছড়া ও ১ নং রামগড় সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ‘আপেল’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে পথসভায় নূর ইসলাম শামীম তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা ও প্রতিটি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। এছাড়া আধুনিক হাসপাতাল স্থাপন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, জুম চাষের আধুনিকায়ন এবং ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। পাহাড়ি জনপদে ভূমি বিরোধ নিষ্পত্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশেষ তহবিল গঠনের কথাও জানান এই প্রার্থী।
তিনি আরও বলেন, “পাহাড়ের টেকসই উন্নয়ন এবং মানুষের ভূমির নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সমর্থক সাইদুল ইসলাম সজিব, সুমন, আজাদ, সিরাজ মিয়াজী, মো. আলিসহ স্থানীয় নেতৃবৃন্দ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে উন্নয়নের ধারা বজায় রাখতে ‘আপেল’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।