Home আন্তর্জাতিক টাকা সুখ দিতে পারে না: ইলন মাস্কের মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

টাকা সুখ দিতে পারে না: ইলন মাস্কের মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

বিজনেসটুডে২৪ ডেস্ক:
টেসলা ও স্পেস-এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্পদ এবং মানসিক প্রশান্তি নিয়ে বিশ্বব্যাপী নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, অর্থ সুখের নিশ্চয়তা দেয় না।
মাস্কের আলোচিত পোস্ট
বৃহস্পতিবার বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী তার পোস্টে লেখেন, “যারা বলেছেন ‘টাকা সুখ কিনতে পারে না’, তারা আসলে জানতেন তারা কী বলছেন।”
প্রতিবেদনটি লেখা পর্যন্ত মাস্কের এই পোস্টটি ৫ কোটি ২১ লক্ষের বেশি ভিউ, প্রায় ৫৭ হাজার রিপোস্ট এবং ৩ লক্ষ ৬৩ হাজারেরও বেশি লাইক পেয়েছে। তার এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জনসাধারণের প্রতিক্রিয়া ও বিতর্ক
মাস্কের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, অগাধ সম্পদ মানুষকে মানসিক যন্ত্রণা বা ব্যক্তিগত চ্যালেঞ্জ থেকে মুক্তি দিতে পারে না। অন্যদিকে, ভিন্ন মতাবলম্বীদের দাবি—আর্থিক সচ্ছলতা জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুযোগের দুয়ার খুলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
নাইজেরিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই বক্তব্যের সাথে ২০২১ সালের জনপ্রিয় আফ্রোবিট গান ‘ইট ইজ হোয়াট ইট ইজ’-এর মিল খুঁজে পেয়েছেন। গায়ক আদিকুনলে গোল্ড সেই গানে গেয়েছিলেন, “টাকা সুখ আনে না / টাকা হওয়ার পর আমি এটা উপলব্ধি করেছি।”
মাস্কের সম্পদ ও বর্তমান প্রেক্ষাপট
ইলন মাস্ক তার এই পোস্টের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি। তবে সাম্প্রতিক বছরগুলোতে টেসলার শেয়ার দরের উত্থান-পতনের কারণে তার ব্যক্তিগত সম্পদে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৬৩৮ বিলিয়ন ডলার নিট সম্পদের মালিক হওয়ার রেকর্ড গড়েন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় এক বছরে তার সম্পদ প্রায় ৪২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মাস্ক অতীতেও একাধিকবার নেতৃত্ব এবং অতি-সম্পদশালী হওয়ার মানসিক চাপ নিয়ে কথা বলেছেন। বর্তমানে তিনি কেবল ব্যবসাই নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রযুক্তিগত নীতিনির্ধারণী ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গত অক্টোবরে তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘xAI’ থেকে অনলাইন এনসাইক্লোপিডিয়া গ্ৰকিপিডিয়া’ (Grokipedia) চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।
আপনি কি মাস্কের সাথে একমত নাকি দ্বিমত? হ্যাঁ অথবা না লিখে আমাদের জানান।