Home রাজনীতি দল গোছাতে ব্যস্ত এনসিপি: ফিরছেন পুরনো নেতারা

দল গোছাতে ব্যস্ত এনসিপি: ফিরছেন পুরনো নেতারা

এনসিপি

২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে কোমর বেঁধে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠে তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করাই এখন দলটির প্রধান লক্ষ্য।

জানা যায়, এনসিপি এবারের স্থানীয় সরকার নির্বাচনকে কেবল একটি রাজনৈতিক অংশগ্রহণ হিসেবে দেখছে না, বরং এটিকে তাদের সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব তুলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতারা এখন মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে বেশি সময় দিচ্ছেন।

অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা:  জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে গত সংসদ নির্বাচনের আগে এনসিপিতে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল। ওই সময় বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা পদত্যাগ করায় দল সাংগঠনিকভাবে কিছুটা ধাক্কা খায়। তবে বর্তমানে সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

দলটির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম জানান, যারা পদত্যাগ করেছিলেন তাদের একটি বড় অংশ ইতিমধ্যে দলে ফিরতে শুরু করেছেন এবং অনেকে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।

আগামী ২৬শে ফেব্রুয়ারি একটি বিশেষ বৈঠক ডেকেছে এনসিপি। এই সভায় নির্বাচন-পরবর্তী পর্যালোচনা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

তিনি জানান, এই বৈঠকের মাধ্যমেই আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারিত হবে।

এনসিপি নেতারা আশা করছেন, তৃণমূলকে ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে পারলে স্থানীয় সরকার নির্বাচনে তারা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।


পরবর্তী আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।