Home আকাশ পথ শাহজালালের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, তদন্ত শুরু

শাহজালালের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, তদন্ত শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত এর সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। “আগুনের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে,” বলেন ফায়ার সার্ভিসের ডিজি।

জাহেদ কামাল আরও বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা একযোগে কাজ করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

এদিকে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা স্বীকার করে শনিবার রাতে এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “যদি নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।”

অন্তর্বর্তী সরকার আরও জানায়, “যদি এসব অগ্নিকাণ্ডের উদ্দেশ্য হয় আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে— এবারও আমরা ঐক্য, সংযম ও সংকল্প নিয়ে এগিয়ে যাব।”

উল্লেখ্য, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানতে তদন্ত চলছে।