Home নির্বাচন রামগড়ে দশ দলীয় জোটের গণসংযোগ: মানুষের সাড়ায় আশাবাদী অ্যাডভোকেট এয়াকুব আলী

রামগড়ে দশ দলীয় জোটের গণসংযোগ: মানুষের সাড়ায় আশাবাদী অ্যাডভোকেট এয়াকুব আলী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে রামগড়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত রামগড় পৌরশহর ও সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে দশ দলীয় জোটের নেতাকর্মীরা পৌরশহরের প্রধান প্রধান সড়কে গণমিছিল করেন। পরবর্তীতে রামগড় পৌরসভার তৈচালাপাড়া, চৌধুরীপাড়া, গর্জনতলি এবং রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া, লামকুপাড়া ও খাগড়াবিল এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করেন।” তিনি আরও যোগ করেন, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলা চষে বেড়ানোর সময় সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া ও আগ্রহ তিনি লক্ষ্য করেছেন, তা নির্বাচনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, আমীর, খাগড়াছড়ি জেলা জামায়াত।
নুরুল আলম, আহবায়ক, খাগড়াছড়ি জেলা এনসিপি।
মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, সভাপতি, খাগড়াছড়ি জেলা খেলাফত মজলিস।
এছাড়া কর্মসূচিতে দশ দলীয় জোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।