বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত জানান। প্রশাসনের বিমাতাসুলভ আচরণ এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ তুলে তিনি এই কঠোর পদক্ষেপ নেন।
মূল অভিযোগসমূহ:
নিরাপত্তা নিয়ে অবহেলা: মো. মোস্তফা জানান, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে সরকারি গানম্যানের আবেদন জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আচরণবিধি লঙ্ঘন: তার অভিযোগ, তফসিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধির তোয়াক্কা করা হচ্ছে না। প্রভাবশালী প্রার্থীরা প্রচারণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করছেন।
বিচারের দীর্ঘসূত্রতা: গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
কেন্দ্র দখলের শঙ্কা: জেলার অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ফলাফল পাল্টে দেওয়া হতে পারে।
মো. মোস্তফা সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি এই নির্বাচনি প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন।