Home চট্টগ্রাম রণসাজে নাসিমন ভবন: দুপুরে রাজপথে নামছেন আবু সুফিয়ান, অপেক্ষায় চট্টলা

রণসাজে নাসিমন ভবন: দুপুরে রাজপথে নামছেন আবু সুফিয়ান, অপেক্ষায় চট্টলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মাঘের কুয়াশা মোড়ানো সকাল পেরিয়ে রোদেলা দুপুরে আজ নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। এখনও ঘড়ির কাঁটা দুপুর ছোঁয়নি, কিন্তু কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এখন উৎসবের আমেজ।
আজ দুপুর ২টায় এই প্রাঙ্গণ থেকেই শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের আনুষ্ঠানিক নির্বাচনী পদযাত্রা।
রাজপথের পরীক্ষিত সৈনিক আবু সুফিয়ান: চট্টগ্রামের রাজনীতির মাঠে মোহাম্মদ আবু সুফিয়ান কোনো আগন্তুক নাম নয়; বরং কয়েক দশকের আন্দোলন-সংগ্রামের এক পোড়খাওয়া নাম। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা তৃণমূলের নেতাকর্মীদের কাছে ‘সংকটের কান্ডারি’ হিসেবে পরিচিত।
কোতোয়ালি ও বাকলিয়া—এই দুই গুরুত্বপূর্ণ জনপদের প্রতিটি পাড়া-মহল্লায় তার দীর্ঘদিনের বিচরণ তাকে অন্য প্রার্থীদের চেয়ে জনসম্পৃক্ততায় এগিয়ে রেখেছে। বিগত ২০১৮ সালে  তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে ধানের শীষের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। প্রতিকূল সময়েও মাঠ না ছাড়া এই নেতার ওপরেই এবার ভরসা রেখেছে দল।
দিনভর কর্মসূচির ব্যস্ততা: আজকের দিনের কর্মসূচি কেবল একটি নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ নেই। দুপুর ২টায় প্রচারণা শুরুর ঠিক এক ঘণ্টা পরেই, অর্থাৎ বিকাল ৩টায় নাসিমন ভবন থেকে বের করা হবে এক বিশাল ‘স্বাগত র‍্যালী’। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফর এবং পলোগ্রাউন্ড মাঠের ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যেই এই মিছিলের আয়োজন।
প্রস্তুতি ও প্রত্যাশা: সকাল থেকেই দেখা গেছে, নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন সমর্থকরা। দলীয় নেতাকর্মীদের মতে, আবু সুফিয়ানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি এই আসনে জয়ের প্রধান চাবিকাঠি।
প্রচারণার প্রস্তুতি চলাকালে এক কর্মী বলেন, “সুফিয়ান ভাই রাজপথের মানুষ, তাকে সাধারণ ভোটাররা খুব সহজে আপন করে নিতে পারেন।”
কয়েক ঘণ্টা পরেই যখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হবে কাজীর দেউরী এলাকা, তখন শুরু হবে আবু সুফিয়ানের এক নতুন লড়াই—যে লড়াই কেবল ক্ষমতার নয়, বরং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের।