Home সারাদেশ শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শরিয়তপুর: শরীয়তপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদক ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সেনাবাহিনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

 সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মঞ্জুরুল আলম মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় মন্টু তালুকদারের স্ত্রী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলোরা হাওলাদারকে। তল্লাশিকালে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়:

  • ১টি শর্টগান ও ৭১ রাউন্ড কার্তুজ।
  • ২টি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন।
  • ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি।
  • ৬টি মোবাইল (২টি আইফোনসহ), ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও কম্পিউটার এক্সেসরিজ।
  • ১টি মোটরসাইকেল, ১টি ডেগার ও বিদেশি মদ।
  • পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড ও বিদেশি মুদ্রা।

একই রাতে নড়িয়া ক্যাম্পের কমান্ডার মেজর অনন্যের নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডামুড্যা এলাকায় অপর এক অভিযানে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা রক্ষায় জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”