বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই রাজনৈতিক দলের কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম।
অভিযান ও দণ্ড: নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে আলোকসজ্জা করার অপরাধে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৩(গ) ধারা লঙ্ঘন করা হয়। এর দায়ে:
বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে রফিকুল ইসলামকে ১,০০০ টাকা।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মোঃ শাখাওয়াত হোসেনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
বিধিমালা ২৭(ক) অনুযায়ী দুই মামলায় সর্বমোট ২,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিলবোর্ড অপসারণ: একই অভিযানে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনী বিলবোর্ড নির্ধারিত আকারের (বিধি ১৪-ক অনুযায়ী) চেয়ে বড় হওয়ায় তা অপসারণের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে বড় আকারের বিলবোর্ডগুলো সরিয়ে ফেলেন।
অভিযান শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম উপস্থিত সকলকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।