Home সারাদেশ বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি

বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ

নিহত ১: এসএমজিসহ বিপুল অস্ত্র উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মূল) গোলাগুলির ঘটনায় হ্লামংনু মার্মা নামের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরুং বাজার এলাকায় জেএসএস (মূল) দলের সদস্যরা যানবাহন আটকে অবৈধভাবে চাঁদা আদায় করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। সেনাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করলে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী একটি স্কুলঘরে আশ্রয় নিয়ে পালানোর চেষ্টা করে।

গোলাগুলি থামার পর এলাকা তল্লাশি করে ইউনিফর্ম পরিহিত অবস্থায় গুলিবিদ্ধ হ্লামংনু মার্মাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তল্লাশিকালে উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে:

  • ১টি সাবমেশিনগান (এসএমজি)
  • ১৪৩ রাউন্ড এসএমজি গুলি
  • ১৪ রাউন্ড পিস্তলের গুলি
  • ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন
  • ২টি ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর। সশস্ত্র দলগুলোর অপতৎপরতা বন্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবরের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।