Home বিনোদন শুরুতেই শেষ: ভক্তদের চমকে দিয়ে বিচ্ছেদের পথে তাহসান খান

শুরুতেই শেষ: ভক্তদের চমকে দিয়ে বিচ্ছেদের পথে তাহসান খান

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের সরগরম বিনোদন পাড়া। ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। তবে সেই চমক বিষাদে রূপ নিতে খুব বেশি সময় লাগলো না। বিয়ের মাত্র কয়েক মাস পার হতেই জানা গেল, এই দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।

গুঞ্জনই যখন সত্যি

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উড়ছিল যে, তাহসান ও রোজার সংসারে টানাপোড়েন চলছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ক্ষুদে বার্তার মাধ্যমে তিনি জানান, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”

মূলত বিবাহবার্ষিকী ঘিরে ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ‘ভুয়া খবর’ নজরে আসায় সত্য প্রকাশে বাধ্য হয়েছেন এই তারকা।

তাহসান বলেন: “পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি। কিন্তু অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।”

২০২৫ সালের ৪ জানুয়ারি অত্যন্ত গোপনীয়তায় রোজা ইসলামকে বিয়ে করেন তাহসান। তাদের পরিচয় ছিল মাত্র চার মাসের। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। নিউইয়র্কে তার একটি নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হাসিমুখের ছবি ভক্তদের মনে আশার সঞ্চার করলেও, বাস্তবের চিত্র এখন ভিন্ন।

অতীতে ফিরে দেখা

এটি ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। তাদের আয়রা তেহরীম খান নামে একটি কন্যা সন্তান রয়েছে।

বিচ্ছেদের কারণ সম্পর্কে তাহসান বা রোজা কেউই এখনো বিস্তারিত কিছু জানাননি। ভক্তরা এখন প্রিয় তারকার এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অপেক্ষায়।