Home সারাদেশ মোবাইল ফোনে প্রবাসীর দুই বিয়ে: ‘বর তুমি কার?’

মোবাইল ফোনে প্রবাসীর দুই বিয়ে: ‘বর তুমি কার?’

 স্লোগান দিয়ে ফুলবাড়ীতে এলাকাবাসীর মানববন্ধন
নয়ন দাস, কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলায় মোবাইল ফোনে বিয়ে এবং একাধিক নারীর সাথে প্রতারণামূলক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর বাড়ির সামনে চাঞ্চল্যকর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত বর বাবু মিয়ার বাড়ির সামনে বিক্ষুব্ধ এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জকরিয়াটারী গ্রামের মৃত আবেদ আলী দর্জির ছেলে দুবাই প্রবাসী বাবু মিয়া দীর্ঘ প্রবাস জীবনে থেকেও একই গ্রামের শিক্ষার্থী জিম খাতুনের সাথে ভিডিও কলে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও দাম্পত্য সম্পর্ক থাকলেও এরই মধ্যে পার্শ্ববর্তী নওদাবশ গ্রামের শিরীনা খাতুন নামে আরেক শিক্ষার্থীর সাথে বাবু মিয়ার একই কায়দায় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এই বহুবিবাহ ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তজনা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরের ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং ‘বর তুমি কার?’ স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বড়লই গ্রামের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার ঘটনাটিকে সামাজিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে এবং এই ডিজিটাল প্রতারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।