বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মেহেরপুর: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকের ১৬ বছর বয়সী ছেলের বিরুদ্ধে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, অভিযুক্ত কিশোর কুল (বরই) দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরের ভেতর নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুর দাদা আদম আলী জানান, তিনি মাঠ থেকে কাজ করে ফিরে ঘটনার বিস্তারিত জানতে পারেন। জামায়াত নেতার ছেলের এহেন কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাংনী থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
ওসি আরও জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।