যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক’-এর উদ্যোগে আগামী ৯ আগস্ট, ২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন ২০২৬। নিউইয়র্কের বিখ্যাত বেথপেজ স্টেট পার্কের ব্লুবার্ড প্যাভিলিয়নে (Bethpage State Park, NY, Pavilion – Bluebird) এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বনভোজনে বাংলাদেশ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে রেকর্ডসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ নিতে যাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রিয় ক্যাম্পাসের পুরোনো বন্ধুদের সাথে আড্ডা ও স্মৃতিচারণ এই আয়োজনের মূল আকর্ষণ হতে যাচ্ছে।
নিবন্ধন ফি ও বিস্তারিত তথ্যাদি: এবারের বনভোজনে অংশ নেওয়ার জন্য ক্যাটাগরি অনুযায়ী রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এলামনাই পরিবারের জন্য ফি ১০০ ডলার, একক এলামনাইদের জন্য ৪০ ডলার এবং অতিথিদের জন্য জনপ্রতি ৪০ ডলার নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সফল করতে একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরো আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদ আহমেদ এবং প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স। এছাড়া সদস্য সচিব হিসেবে রফিকুল ইসলাম, সভাপতি শামসুদ্দিন আজাদ এবং সাধারণ সম্পাদক নোমান সরকার সার্বিক দিকনির্দেশনা প্রদান করছেন।
সমন্বয়কারী দল সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আনোয়ারুল করিম, কাজী সোহরাব হোসেন, বিষ্ণু গোপ, আবদুল আউয়াল শামীম এবং ববি চৌধুরী।
সংস্কৃতি ও ক্রীড়া উপ-কমিটি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল মাহের, শিবলী সাদিক, প্রসূন রায়, সাদিয়া আফরোজ এবং সুমিত্রা সেন।
অর্থ উপ-কমিটি রেজিস্ট্রেশন ও আর্থিক লেনদেন (জেলে নম্বর) সংক্রান্ত বিষয়গুলো দেখছেন সৈয়দ আসিফ আহমেদ, মাহমুদ আহমেদ এবং সামসুদ্দিন আজাদ।
উপদেষ্টা মণ্ডলী আয়োজনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে দিকনির্দেশনা দিচ্ছেন অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, অ্যাটর্নি খাইরুল বাসার বাদল, অধ্যাপক নোয়াব মিয়া, শামীম আল মামুন, জাহাঙ্গীর করিম এবং আবু তালেব চৌধুরী চান্দু।
কানাডা, বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা সফল করতে সবকটি কমিটি একযোগে কাজ করে যাচ্ছে।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, সকলের আন্তরিক ও সার্বিক সহযোগিতা এই মিলনমেলাকে প্রাণবন্ত, সফল ও সার্থক করে তুলবে।