Home First Lead নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা: আইন উপদেষ্টা

নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা: আইন উপদেষ্টা

ড. আসিফ নজরুল
বিজনেসটুডে৩৪ প্রতিনিধি, ঢাকা: নির্বাচনের তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ড. আসিফ নজরুল বলেন, “জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। দেশের সকল নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।”

সংবাদ সম্মেলনে ২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “অনেকে মনে করেন, ২০০৮ সালের নির্বাচন প্রশ্নহীন ছিল, কিন্তু আমি সে কথার সঙ্গে দ্বিমত পোষণ করি। বরং সেই নির্বাচন নিয়ে তদন্ত করলে ভয়াবহ কিছু তথ্য সামনে আসবে। সাংবাদিকদের উচিত এই বিষয়ে অনুসন্ধান চালানো।”

সংস্কার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রশাসন ও বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার এনেছে। তিনি জানান, “আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যার মাধ্যমে কয়েক লাখ রাজনৈতিক নেতা-কর্মী ও মতপ্রকাশে স্বাধীন নাগরিক নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছেন।”

তিনি আরও বলেন, “আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক কাঠামোর আধুনিকায়ন এবং ডিজিটাল পদ্ধতির প্রসারে বর্তমান সরকারের ভূমিকা আগামী দিনে অন্য যেকোনো সরকারকে অনুসরণ করতে হবে। এই সংস্কার এখন জনগণের প্রত্যাশার সঙ্গে যুক্ত হয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।