Home সারাদেশ নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে সিলেটে মতবিনিময় সভা

নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে সিলেটে মতবিনিময় সভা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নেপাল ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সিলেটে ‘নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি’ শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করেছে নেপাল দূতাবাস।

অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ললিতা সিলওয়াল দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার ওপর আলোকপাত করেন। তিনি বাণিজ্য, কানেক্টিভিটি, জ্বালানি এবং পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন। বিশেষ করে নেপালের সাথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক বৃদ্ধিতে সিলেটের ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি তাদের নেপালি সহযোগীদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। মতবিনিময় অধিবেশনে তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দূতাবাসের প্রথম সচিব যোজনা বামজান দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলো নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে কানেক্টিভিটি বা উন্নত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বারোপ করেন।

সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ সিলেটের সভাপতি এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, ভ্রমণ ও পর্যটন উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের কন্টেন্টগুলো নিয়মিত পেতে ভিজিট করুন  businesstoday24.com