Home সারাদেশ আস্তানায় হামলা, অগ্নিসংযোগ: ‘পীর’কে হত্যা

আস্তানায় হামলা, অগ্নিসংযোগ: ‘পীর’কে হত্যা

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: দৌলতপুরে তথাকথিত এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে ।
নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয় সূত্র অনুযায়ী, তিনি ওই গ্রামের মৃত জেছের আলীর ছেলে। ঢাকা থেকে পড়াশোনা শেষ করে তিনি একসময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, তবে পরবর্তীতে গ্রামে ফিরে এসে একটি আস্তানা বা দরবার শরীফ গড়ে তোলেন।
শনিবার বেলা আড়াইটার দিকে একদল উত্তেজিত জনতা ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীম রেজার আস্তানায় হামলা চালায়। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আস্তানায় আগুন ধরিয়ে দেয়। এ সময় শামীম রেজাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শামীম রেজাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। হামলায় তার আরও দুই অনুসারী আহত হয়েছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, শামীম রেজার ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি পুরোনো ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর আগেও তিনি একই ধরনের অভিযোগে কারাভোগ করেছিলেন এবং জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় একই কার্যক্রম শুরু করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার জানান, ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত হলেও উত্তেজিত জনতার সংখ্যা অনেক বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা এক বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি বাউল শিল্পী ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ‘মাকাম’ নামের একটি সংগঠনও এই নৃশংসতার বিচার দাবি করেছে।
আরও নানা বিষয় জানত ভিজিট করুন: www.businesstoday24.com