বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বজ্রপাত এখন এক ভয়াবহ আতঙ্কের নাম। সরকারি হিসেবেই প্রতি বছর দেশে গড়ে ৩০০ থেকে ৪০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক জরুরি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়গুলোতে বিশেষ সচেতনতা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
এক নজরে জীবনরক্ষাকারী সতর্কতা
- এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাতের প্রকোপ সবচেয়ে বেশি থাকে, এই সময়ে মেঘের ডাক শুনলে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি।
- বজ্রপাত সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়; এই সময়টুকু অবশ্যই পাকা দালানের নিচে অবস্থান করুন এবং জানালার কাছ থেকে দূরে থাকুন।
- ঘরের ভেতরে থাকাকালীন বৈদ্যুতিক সরঞ্জাম যেমন—টিভি, ফ্রিজ বা কম্পিউটার স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং কর্ডলেস ফোন ব্যবহার করুন।
- খোলা মাঠে থাকলে কিংবা মাছ ধরার নৌকায় থাকলে দ্রুত নিচু হয়ে যান এবং কোনো অবস্থাতেই উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না।
- যদি খোলা জায়গায় অনেকে একসাথে থাকেন, তবে প্রত্যেকে অন্তত ৫০ থেকে ১০০ ফুট দূরত্বে সরে যান যেন বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।










