Home সারাদেশ অভয়নগরে কবরস্থান নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

অভয়নগরে কবরস্থান নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

আহতদের কয়েকজন।

 আহত ৯, এলাকায় পুলিশ মোতায়েন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পারিবারিক কবরস্থান নিয়ে বিরোধের জেরে এই সহিংসতার সূত্রপাত। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়, যাতে সাত্তার আহত হন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লা এবং বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন, ফোরকানসহ ৯ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সব খবর সবার আগে পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে আমাদের জানান।