পৌনে ১০ লাখ টাকা জরিমানা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর জামালখান এলাকার জয়পাহাড় মৌজায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি কাটা পাহাড় দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক সোনিয়া সুলতানা এই আদেশ প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, কোতোয়ালী থানার জয়পাহাড় মৌজার বিএস ৯৭ নম্বর খতিয়ান ও ৩৮৪ নম্বর দাগের ‘খিলা’ শ্রেণির জমিতে এই পাহাড় কাটার ঘটনা ঘটে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, একটি রেস্টহাউস নির্মাণের উদ্দেশ্যে পাহাড়ের পাদদেশে প্রাচীর দেওয়া হচ্ছিল।
পরিদর্শন প্রতিবেদনে উঠে আসা তথ্য:
- কাটা পাহাড়ের পরিমাপ: দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট এবং উচ্চতা ৮ ফুট।
- অপসারিত মাটি: মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় দৃশ্যমানভাবে কাটা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, যদিও খতিয়ানে জমির শ্রেণি ‘খিলা’ উল্লেখ আছে, কিন্তু বাস্তবে সেটি একটি পাহাড়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) ও ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের জন্য এই জরিমানা করা হয়েছে। প্রতি ঘনফুট পাহাড় কাটার জন্য ১০০ টাকা হারে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এর আগেও অফিস ভবন নির্মাণের জন্য সীমানা প্রাচীর দেওয়ার সময় বিপিসির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছিল। তবে তখন জমির শ্রেণিগত জটিলতার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার শুনানিতে বিপিসির কর্মকর্তারা পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
শুনানির সিদ্ধান্ত ও সতর্কতা
শুনানিতে বিপিসির পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এস এম জুবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও জ্যেষ্ঠ টেকনিশিয়ান মো. ওমর ফারুক।
আদেশে স্পষ্ট জানানো হয়েছে:
১. নির্ধারিত ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা পরিশোধ করতে হবে।
২. ক্ষতিগ্রস্ত পাহাড় বা কাটা অংশ দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।
৩. ভবিষ্যতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো দৃশ্যমান পাহাড় বা টিলা না কাটার জন্য সংস্থাটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।










