Home First Lead  মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

 মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মানব পাচার আইনের মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় আরও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
দুপুর ২টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন যে, মামলার রহস্য উন্মোচনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের যুক্তি শুনে জামিন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী সংস্থার দাবি
পুলিশের পক্ষ থেকে আবেদনে জানানো হয়:
  • প্রথম দফায় ৫ দিনের রিমান্ডে তাকে ‘অতি সতর্কতার’ সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
  • সময় স্বল্পতার কারণে তার কাছ থেকে ঘটনার সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি।
  • মানব পাচার চক্রের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের শনাক্ত করতে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।
 গত সোমবার রাতে রাজধানীর নিজস্ব বাসভবন থেকে ডিবি পুলিশ মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার পল্টন থানায় করা মানব পাচার মামলায় তাকে প্রথম দফায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওয়ান-ইলেভেন রাজনৈতিক পটপরিবর্তনের অন্যতম আলোচিত এই ব্যক্তি বর্তমানে দ্বিতীয় দফায় ডিবির হেফাজতে রয়েছেন।