Home কক্সবাজার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের নাগরিকসহ দুই অস্ত্র চোরাকারবারি আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের নাগরিকসহ দুই অস্ত্র চোরাকারবারি আটক

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মংজয়পাড়া বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন— নাইক্ষ্যংছড়ির মংজয়পাড়ার বাসিন্দা উমং (২৫) এবং মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা পানুয়া (১৮)। বিজিবি সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও ৫-৬ জন দুষ্কৃতকারী গহিন জঙ্গলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে গাছবুনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সীমান্তের অভ্যন্তরে ওত পেতে থাকে।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সশস্ত্র চোরাকারবারি দলটি বিজিবির ওপর হামলার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেন। প্রায় ৫০০ গজ ধাওয়া করার পর দুজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘ দিন ধরে মিয়ানমারের চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত দিয়ে ইয়াবা ও অস্ত্র চোরাচালান করে আসছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবির কড়া বার্তা

বিজিবি অধিনায়ক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে বিজিবির এই কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে।