বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির আগামী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতি সচল করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে চিহ্নিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
‘দিস আর দ্য চ্যালেঞ্জ’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সর্বগ্রাসী দুর্নীতি দমন এবং বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।” ইংরেজিতে যোগ করে তিনি বলেন, “দিস আর দ্য চ্যালেঞ্জ।”
বিজয়ের দিনে খালেদা জিয়ার অনুপস্থিতি: ‘আনন্দ ও বিষাদ’
নির্বাচনী ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি এই বিজয়কে ‘আনন্দময় ও বিষাদময়’ হিসেবে আখ্যায়িত করেন। ফখরুল বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত-সহস্র রক্তের বিনিময়ে আমরা একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন পেয়েছি। এতে আমি অভিভূত। কিন্তু বিষাদময় দিক হলো—দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।”
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে
নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নির্বাচনে অংশগ্রহণ না থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে।”
তারেক রহমানকে অভিনন্দন
বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহসহ শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। খুব শীঘ্রই তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।
businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।