বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শরীয়তপুর: ভেদরগঞ্জে দেবর ও ভাবির পাল্টাপাল্টি আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় দেবর মিল্টন মল্লিকের আত্মহত্যার খবর শুনে পরদিন বুধবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তার মালয়েশিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের দীর্ঘদিনের গোপন প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়।
নিহত মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ শুরু করেন। গত মঙ্গলবার ইফতার শেষে কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার রাতে মিল্টনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তবে বুধবার সকালে এলিনা আক্তারও স্বামীর বাড়িতে একইভাবে আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয়দের দাবি, দেবরের মৃত্যুর শোক সইতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
নিহতের স্বজন আব্দুল খালেক মাদবর জানান, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি আগে থেকেই এলাকায় আলোচিত ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, “সকালে হাসপাতাল থেকে আত্মহত্যার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
businesstoday24.com-কে ফলো করুন এবং এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানান।